২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ঢাকার সাভার উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 11:40 AM

Updated : 11 Oct 2022, 01:25 PM

আশুলিয়া থানার এসআই রাসেল মোল্লা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আশুলিয়ার মরাগাং এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আনন্দ সুপার ও ঈগল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতরা হলেন - ঈগলের চালক সদেক (৪০), যাত্রী মরিয়ম আক্তার (৩০) ও আনন্দ সুপারের যাত্রী আব্বাস আলী (৩০)।

মরিয়ম কুমিল্লার আবদুল মালিকের স্ত্রী। আর আব্বাস আলী খুলনার দাকোপের আক্কাস আলীর ছেলে।

এসআই রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈগল পরিবহনের বাসটি খুলনা থেকে ঢাকা যাচ্ছিল। মরাগাং এলাকায় বিপরীতমুখী আনন্দ সুপারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঈগল বাসটি রাস্তার পাশে প্রায় ২০ ফুট নিচে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিনজনের লাশ উদ্ধার করেন এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।

উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহতদের মধ‌্যে আড়াই বছরের একটি ছেলে-শিশু রয়েছে। তাকে উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছেলেটির বাবা-মায়ের সন্ধান আমরা এখনও পাইনি।”