বরিশালে ধর্ষণে যাবজ্জীবন
ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।
বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত বজলুর রহমান বরিশাল সদরের ইছাগুরা এলাকার এছাহাক আলীর ছেলে।
ওই আদালতের বেঞ্চ সহকারী আজিবুর রহমান বলেন, রায়ে একই সঙ্গে ছয় বছর আগের ওই ঘটনায় জন্ম নেওয়া শিশুটির বয়স ২১ না হওয়া পর্যন্ত ভরণ-পোষণের নির্দেশ দেওয়া হয়।
যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছর সশ্রম কারাভোগ করতে হবে।
আজিবুর বলেন, প্রতিবেশী এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বজলুর। পরে তার একটি সন্তান হয়। এ ঘটনায় ওই নারী ২০১১ সালে বজলুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
