মাহমুদ আব্বাসের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের আগমণ উপলক্ষে ধোওয়া-মোছা শেষে প্রস্তুত রাখা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ।
বুধবার সাভার গণর্পূত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন মাহমুদ আব্বাস।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট ঢাকা থেকে সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছবেন। তার আগমন উপলক্ষে ইতিমধ্যে স্মৃতিসৌধে ধোওয়া-মোছা ও রং তুলির কাজ শেষ হয়েছে।
এ উপলক্ষে ২৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।
স্মৃতিসৌধে পৌঁছে মাহমুদ আব্বাস মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তখন তিন বাহিনীর একটি চৌকস দলের তাকে গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে, বলেন মিজানুর।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন। পরে স্মৃতিসৌধে একটি বকুল ফুলের গাছের চারা রোপন করবেন বলেও তিনি জানান।
বুধবার তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান মাহমুদ আব্বাস। বিমান বন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, ফিলিস্তিনি প্রেসিডেন্টেএর আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
