পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে গাজীপুরে বেঞ্চে আগুন
গাজীপুরের একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে বেঞ্চে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানোর পর রাত দেড়টার দিকে প্রবেশপত্র দেওয়া হয়েছে।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, মঙ্গলবার রাতে টঙ্গীর মন্নু টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এ বছর ওই বিদ্যালয় থেকে ২৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে।
“বৃহস্পতিবার পরীক্ষা হলেও মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রবেশপত্র না দেওয়ায় তারা বিক্ষোভ করে। কিছু বেঞ্চে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে তাদের সান্ত্বনা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই রাত ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি প্রবেশপত্র নেওয়ার জন্য বোর্ডে অবস্থান করছেন। তাদের যথাসময়ে প্রবেশপত্র দেওয়া হবে।
বিলম্বের কারণ সম্পর্কে তিনি বলেন, “২০১৪ সালে শিক্ষা বোর্ড আমাদের স্কুলের নবম শ্রেণিতে শিক্ষার্থীদের নিবন্ধন বাতিল করে দেয়। পরের বছর বোর্ডের মৌখিক আশ্বাসের ভিত্তিতে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করি।
“কিন্তু অনুমোদন না পাওয়ায় শিক্ষার্থীদের স্থানীয় দত্তপাড়া এলাকার ধূমকেতু উচ্চবিদ্যালয় থেকে নিবন্ধন ও ফরম পূরণ করা হয়। কাজটি করতে বিলম্ব হওয়ায় প্রবেশপত্র পেতে কিছুটা দেরি হয়েছে।”
তবে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, এই অজুহাত গ্রহণযোগ্য না। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
