এমসি কলেজে ধাওয়া: তদন্ত করে প্রতিবেদনের নির্দেশ
সিলেটের এমসি কলেজে দেশি অস্ত্র হাতে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার সিলেটের মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরো আগামী সাত দিনের মধ্যে মহানগর পুলিশকে প্রতিবেদন দাখিল করার এ নির্দেশ দেন।
সোমবার এমসি কলেজে দা ও রড উঁচিয়ে ছাত্রদলকে ধাওয়া করে ছাত্রলীগ সমর্থকরা।
আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, এ ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।
আদেশে বলা হয়, সিলেট এমসি কলেজ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং গণমাধ্যমে শিরোনাম হচ্ছে। এ ঘটনা জনশৃঙ্খলা ও আইনের শাসনের প্রতি চরম হুমকিস্বরূপ।
পত্রিকায় প্রকাশিত ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কারা, কীভাবে দায়ী, তা শনাক্তকরণপূর্বক সংঘটিত ঘটনা তদন্ত হওয়া প্রয়োজন মনে করে আদালত।
