২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে দ্বিতীয় বর্ষের একাডেমিক কার্যক্রম স্থগিত

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দ্বিতীয় বর্ষের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের একাডেমিক কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 08:12 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোশাররাফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২০১৩-২০১৪ ও ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের সব একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করার তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিলের ৮৬তম জরুরি সভায় নেওয়া সিদ্ধান্তে আদেশ জারি করা হয়েছে। তবে অন্যান্য বর্ষের সব সেমিস্টারের একাডেমিক কার্যক্রম নির্ধারিত রুটিন অনুযায়ী চলবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক গোলাম মর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাই কেবল আন্দোলন করেছে। তাই তাদের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।”

এদিকে মঙ্গলবার চতুর্থ দিনের মতো ওই দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেন।

পরের ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য ৩৩ ক্রেডিট পাওয়ার আইন বাতিল করে আগের ক্যারি অন পদ্ধতি বহালের দাবিতে আন্দোলন করছেন এই দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। আগের নিয়মে দুই-এক বিষয়ে ফেল থাকলেও পরবর্তীতে বর্ষে উত্তীর্ণ হওয়ার সঙ্গে আগের ফেল করা বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।