২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণে যাবজ্জীবন, শিশু পেল পিতৃপরিচয়

ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে গাজীপুরের একটি আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 08:02 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

মঙ্গলবার অভিযোগ গঠনের সময় আসামি দোষ স্বীকার করায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর মামলার রায় ঘোষণা করেন।

ওই আদালতের বিশেষ পিপি ফজলুল কাদের বলেন, রায়ে একই সঙ্গে পাঁচ বছর আগের ওই ঘটনায় জন্ম নেওয়া শিশুটিকে পিতৃপরিচয় ও তার বিয়ে না হওয়া পর্যন্ত ভরণ-পোষণের নির্দেশ দেওয়া হয়।

যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাভোগ করতে হবে।

দণ্ডিত হুমায়ুন কবির ময়মনসিংহের নান্দাইলের দাদার গ্রামের প্রয়াত আব্বাস উদ্দিনের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, কিশোরগঞ্জের একটি গ্রামের ওই তরুণী পোশাক কারখানায় চাকরির সূত্রে গাজীপুরের সাইনবোর্ড এলাকায় একটি বাসায় ভাড়ায় থাকতেন। হুমায়ুনও ওই নারীর প্রতিবেশী ছিলেন।

“হুমায়ুন বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ২০১১ সালের ১১ এপ্রিল ওই নারীকে ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই তরুণীর এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু হুমায়ুন তরুণীকে স্ত্রী কিংবা তরুণীর মেয়েটিকে সন্তানের স্বীকৃতি দেননি।”

পিপি ফজলুল কাদের বলেন, ২০১৫ সালের ২৩ মে হুমায়ুনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি মামলা করেন ওই তরুণী। গত বছরের ৩১ ডিসেম্বর হুমায়ুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

“মঙ্গলবার এ মামলার চার্জ গঠনের দিন আসামি আদালতে দোষ স্বীকার করায় এ রায় ঘোষণা করেন।”

আদালতের নির্দেশমতে হুমায়ুন শিশুটির বাবা; তিনি শিশুটির বিয়ে না হওয়া পর্যন্ত ভরন-পোষণ করবেন। ভরন-পোষণের পরিমাণ রাষ্ট্র নির্ধারণ করবে বলে জানান আইনজীবী ফজুলল কাদের।