২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারের হাতে: বার্নিকাট

রোহিঙ্গা সমস্যার সমাধান শুধু মিয়ানমারই করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 08:00 PM

Updated : 11 Oct 2022, 01:24 PM

মঙ্গলবার দুপুরে কক্সবাজারের টেকনাফে লেদা এলাকায় অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বার্নিকাট বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ এই সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে। এজন্য যুক্তরাষ্ট্র মিয়ানমারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম জানান, মার্শা বার্নিকাটের নেতৃত্বে যুক্তরাষ্ট্র দূতাবাসের নয় সদস্যের প্রতিনিধি দল বেলা ১১টার দিকে লেদা এলাকার অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে যান।

সেখানে দুই ঘণ্টা অবস্থানের সময় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন বলে ইউএনও জানান।

তিনি আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর বেলা ১টার দিকে টেকনাফের নয়াপাড়া এলাকার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যান বার্নিকাট। সেখানে পরিদর্শন শেষে বিকাল ৩টার দিকে তারা কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।

এ সময় যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে জেলা প্রশাসনের প্রতিনিধি, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আগেরদিন বিকালে বিশেষ বিমানযোগে মার্শা বার্নিকাটসহ যুক্তরাষ্ট্রের দূতাবাসের নয় সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছে। ওইদিন বিকালে তারা জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ‌্য অনুযায়ী, গত অক্টোবরে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের পর আসা ৬৫ হাজারসহ চার লাখের মতো রোহিঙ্গা এখন বাংলাদেশে রয়েছে।

কয়েক দশক ধরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ বিভিন্ন সময়ে আহ্বান জানালেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার। এই মুসলিম জনগোষ্ঠীর নাগরিকত্ব অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার।

এ সংকটের স্থায়ী সমাধানের পথ খুঁজতে গত বছর মিয়ানমার সরকার জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে নয় সদস্যের একটি কমিশন গঠন করে। এই কমিশনের তিন সদস্য রবি ও সোমবার কক্সবাবারে রোহিঙ্গাদের বিভিন্ন নিবন্ধিত ও অনিবন্ধিত শিবির পরিদর্শন করেন।