অতিরিক্ত রক্তক্ষরণে কুনিও হোশির মৃত্যু: চিকিৎসক
বুকে গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে জাপানি নাগরিক কুনিও হোশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার ময়নাতদন্তকারী চিকিৎসক দলের প্রধান রফিকুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে দেওয়া সাক্ষ্যে ময়নাতদন্ত দলের চেয়ারম্যান রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম এ তথ্য জানান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা এ তথ্য নিশ্চিত করে বলেন, “খুব কাছ থেকে কুনিওর শরীরে তিনটি গুলি করা হয় বলে আদালতে বলেছেন রফিকুল ইসলাম। বুকের ডান দিকের গুলিটি শরীরে বিদ্ধ হলেও সেটি বের হতে পারেনি। সেটি পরে বের করা হয়। এছাড়া গলার ডানে এবং ডান হাতের কব্জিতে গুলির চিহ্ন পেয়েছেন বলে তিনি জানিয়েছেন।”
চিকিৎসক রফিকুল ছাড়াও তদন্ত কমিটির আরও তিন সদস্য সাক্ষ্য দেন বলে জানান তিনি।
এরা হলেন কমিটির সদস্য সচিব চিকিৎসক নরেন্দ্র নাথ গোস্বামী, সদস্য রবি শঙ্কর মণ্ডল ও নারায়ণ চন্দ্র সাহা।
এছাড়া এ মামলার আসামি জেএমবি সদস্য আবু সাঈদের দোকান থেকে মোটরসাইকেলের নম্বর প্লেটসহ মালামাল জব্দের প্রত্যক্ষদর্শী পীরগাছা উপজেলার টাঙ্গাইপাড়ার বাসিন্দা জমসেদ আলী, মঞ্জু মিয়া ও মতিয়ার রহমানও এদিন সাক্ষ্য দেন।
আবু সাঈদ কারাগারে আছেন।
পিপি বলেন, প্রত্যক্ষদর্শী তিনজনই আদালতকে জানান- তাদের সামনেই পুলিশ আবু সাঈদের কম্পিউটারের দোকান থেকে মনিটর, সিপিইউ, লেমেনেটিং মেশিন ও প্রিন্টার এবং একটি মোটরসাইকেলের নম্বর প্লেট উদ্ধার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের মূল নম্বর প্লেট ছিল সেটি; যা খুলে হত্যাকারীরা ভুয়া নম্বর প্লেট লাগিয়েছিল।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। পরে ২ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রেখে আদালত মুলতবি ঘোষণা করেন বিচারক।
এ নিয়ে পাঁচ দফায় মামলার বাদীসহ ৪০ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। মামলায় আরও ১৭ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
২০১৫ সালের ৩ অক্টোবর সকালে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে গুলিতে নিহত হন ৬৬ বছর বয়সী জাপানি নাগরিক কুনিও হোশি।
এ হত্যা মামলায় গত বছরের ১০ জুলাই জেএমবির আট সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
সাক্ষ্য গ্রহণের সময় কারাগারে থাকা আসামি জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ ও সাখাওয়াত হোসেনকে আদালতে হাজির করা হয়।
পলাতক আসামিদের মধ্যে সাদ্দাম হোসেন ওরফে রাহুল গত ৫ জানুয়ারি রাতে ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় কাউন্টার টেরোরিজম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এবং নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ওরফে হাসান গত বছরের ২ অগাস্ট ভোরে রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
আরেক আসামি আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব এখনও পলাতক রয়েছেন। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ইব্রাহীম কবীর বলেন, আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব গত বছরের জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত।
