২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে বাস সংকটে দুর্ভোগে শিক্ষার্থীরা

প্রয়োজনীয় বাসের অভাবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হোসাইন ইমরান, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 11:29 AM

Updated : 11 Oct 2022, 01:24 PM

বিশ্ববিদ্যালয়ের সাড়ে আট হাজার অনাবাসিক শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র সাতটি বাস। আর কয়েকটি বাস ভাড়া করে চালানো হলেও তা অনিয়মিত বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার শাহীনা সুলতানা জানান, বর্তমানে শিক্ষার্থী রয়েছেন  ১০ হাজার ৪০১ জন। তাদের মধ্যে পাঁচটি আবাসিক হলে থাকেন ১৮৪৫ জন।

বাকি ৮৫৫৬ জন শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে বিভিন্ন মেস, হোস্টেল বা বাসা ভাড়া করে থাকেন। তাদের জন্য যাতায়াতের সুব্যবস্থা তো দূরে, অনেক সময় বাসই তারা পান না।

টিলাগড় রুটে নিয়মিত যাতায়াত করেন ছায়মা আক্তার নামের এক শিক্ষার্থী। তার অভিযোগ, “এ রুটে নিয়মিত বাস চলে না। প্রায়ই ক্লাস মিস হয়।”

নাইওরপুল, ঈদগাহ, লিচুবাগান রুটেও নিয়মিত বাস চলে না বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।

বাংলা বিভাগের শিক্ষার্থী বাহার সুমন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমনিতেই বাসের সংখ্যা কম হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে গেইটে ঝুলে যাতায়াত করতে হয়। তার মধ্যে আবার সব সময় বাস থাকে না, যা ভোগান্তি আরও বাড়িয়ে দেয়।”

বিকেলের শিফটগুলোয় দেখা যায়, প্রতিটি বাসেই ধারণক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী যাতায়াত করেন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সহকারী খায়রুল আমিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস রয়েছে মাত্র সাতটি। শিক্ষার্থীর তুলনায় বাসের সংখ্যা কম হওয়ায় বিআরটিসির আটটি বাস ভাড়া করা হয়েছে।”

কিন্তু ক্যাম্পাসের বাইরে থাকা ৮৫৫৬ জন শিক্ষার্থীর জন্য ১৫টি বাস নস্যিমাত্র। এছাড়া বিআরটিসির বাসগুলো জীর্ণশীর্ণ এবং অনিয়মিত বলে অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের নির্বাহী প্রকৌশলী এমরান আহমেদ চৌধুরী বলেন, “বিআরটিসির বাসগুলো জীর্ণশীর্ণ এবং সার্ভিস ভালো না তা আমরা জানি। দীর্ঘদিন ধরে পরিবহন দপ্তরের উপদেষ্টাদের কাছে নতুন বাসের আবেদন জানিয়ে আসছি।”

অথচ বাস ভাড়া বাবদ দৈনিক অর্ধলক্ষাধিক টাকা ব্যয় হচ্ছে।

পরিবহন পুল সহকারী খায়রুল আমিন বলেন, “ভাড়া করা বিআরটিসি বাসকে প্রতি ট্রিপে দিতে হয় ১৩৫০ টাকা। টিলাগড়, শাহী ঈদগাহ, নাইওরপুল, কদমতলী ও লিচুবাগান রুটে সাধারণত পাঁচবার করে যাতায়াত করে এসব বাস, যার খরচ দৈনিক ৫৪ হাজার টাকা।”

বাস না কিনে ভাড়া করার সমালোচনা করেছেন ছাত্রনেতারা।

বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাস বলেন, “প্রতিদিন বিআরটিসি কর্তৃপক্ষকে যে টাকা পরিশোধ করা হয়, কয়েক মাসের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে নতুন বাস কিনতে পারে। তা না করে বিশ্ববিদ্যালয়কে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে প্রশাসন।”

সাড়ে আট হাজার অনাবাসিক শিক্ষার্থীর জন্য অন্তত ৩০টি নিয়মিত বাস দরকার বলে শিক্ষার্থীরা জানান।

এই পরিস্থিতির মধ্যে পরিবহন দপ্তরের পরিচালক অধ্যাপক জহির বিন আলম বলছেন, “পরিবহন সমস্যা সমাধানে আমরা শিগগির নতুন ‘একটি’ বাস কেনার সিদ্ধান্ত নিয়েছি। ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক এ জেড এম মনজুর রশিদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।”