চেয়ারম্যানের সংবর্ধনা মঞ্চ ও এমপি কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা
রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানের সংবর্ধনার মঞ্চ ও স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
সোমবার বিকালে ও রাতে পাল্টাপাল্টি এই দুটি হামলার ঘটনা ঘটেছে। তবে কোনো আহতের খবর পাওয়া যয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪টার দিকে পবা উপজেলার কাপাশিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে কৃতি শিক্ষার্থী ও জেলা পরিষদের চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ আসাদুজ্জামান আসাদ। ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনকেও আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠান শুরু হওয়ার পর আসাদুজ্জামান আসাদকে প্রধান অতিথি ঘোষণা করা হয়।
নাম প্রকাশ না করে স্থানীয় নেতাকর্মীরা জানান, আসাদকে প্রধান অতিথি ঘোষণার খবর পেয়ে অনুষ্ঠানে যাওয়ার মাঝপথ থেকে ফিরে যান সাংসদ আয়েন উদ্দিন। এরপর বিকাল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠান চলা অবস্থায় অনুষ্ঠান মঞ্চে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এতে সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
কিন্তু ওই সময় মঞ্চের সামনে কয়েকশ শিক্ষার্থী বসেছিল।
জেলা পরিষদ চেয়ারম্যান ছাড়াও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নাইমুল হুদা রানা, নারী সদস্য জয়জয়ন্তী সরকার মালতি, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক খালিদ ওয়াসি কেটু উপস্থিত ছিলেন।
মতিহার থানার ওসি হুমায়ন কবীর বলেন, সভা শুরুর পর দুর্বৃত্তরা মঞ্চে হামলা চালায়। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সংসদ সদস্য আয়েন উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বিলসিমলা এলাকায় সাংসদ আয়েনের ব্যক্তিগত কার্যারয়ে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে বলে জানান রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ।
তিনি বলেন, জেলা পরিষদের চেয়ারম্যানের সংবর্ধনা মঞ্চে হামলার পর থেকে সাংসদ আয়েনের চেম্বরের সামনে পুলিশ মোতায়েন করা হয়। তবে হামলার সময় চেম্বারে সংসদ সদস্য ছিলেন না।
