২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

ময়মনসিংহ সদর উপজেলায় অপহৃত কলেজছাত্রীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 05:05 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

সোমবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার দাপুনিয়া বাজার এলাকায় ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।

দাপুনিয়া হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে রোববার সকালে কলেজে যাওয়ার পথে ময়মনসিংহ ফুলবাড়িয়া সড়কের কসাইবাড়ি মোড় থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ নাজমুল হোসাইন।

তিনি বলেন, কলেজে আসার পথে স্থানীয় আব্দুল কাদিরের ছেলে সারোয়ার হোসেন ও তার সহযোগীরা মেয়েটিকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মেয়েটির বড় ভাই বাদী হয়ে অভিযোগ করেছে।

“২৪ ঘণ্টায় মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীরা গ্রেপ্তার না হওয়ায় সড়ক অবরোধ করে দাপুনিয়া বাজারে বিক্ষোভ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।”

এসময় দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আন্দোলনে যোগ দেয় বলে জানান তিনি।

পরে সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তিনদিনের মধ্যে ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস ও চালককে আটক করা হয়েছে। কলেজ শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি কামরুল।