পুলিশের মামলায় ৩১ সাঁওতালের জামিন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় ৩১ সাঁওতালকে জামিন দিয়েছে আদালত।
রোববার মুখ্য বিচারক হাকিম আদালতের বিচারক এসএম তাসকিনুল হাকিম এ আদেশ দেন।
এর আগে তাদের আইনজীবী আব্দুর রশিদ জামিন আবেদন করেন বলে আদালতের এপিপি মিজানুর রহমান জানান।
গত বছরের ৬ নভেম্বর চিনিকলের অধিগ্রহণ করা জমি থেকে সাঁওতালদের কয়েকশ ঘর উচ্ছেদ করা হয়। এ সময় সংঘর্ষে তিন সাঁওতাল নিহত হন, গুলিবিদ্ধ হন বিমল কিসকু, চরণ সরেন ও দ্বিজেন টুডু।
ওই ঘটনায় পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে গোবিন্দগঞ্জ থানার এসআই কল্যাণকুমার চক্রবর্তী ভগন মার্ডি, নগেন, কিষান মার্ডি, রোসেন মার্ডিসহ ৪২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ৩০০/৪০০ জনকে আসামি করে মামলা করেন।
