বগুড়ায় মা-মেয়েকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার
বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরী ও তার মাকে মারধরের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গাবতলী উপজেলায় সুখান পুকুর এলাকার বাড়ি থেকে ২২ বছর বয়সী রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয় বলে গাবতলী থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান।
ওই এলাকার নুরুল হকের ছেলে রুহুল আমিন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র।
ওসি শাহিদ জানান, নির্যাতনের শিকার ১৪ বছর বয়সী ওই মেয়েটির বাড়িও একই এলাকায়। স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণির ছাত্রী সে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মেয়েটির মা জানান, রুহুল প্রায়ই তার মেয়েকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে করত। এ নিয়ে রুহুলের অভিভাবকদের কাছে নালিশ করা হলেও কোনো সমাধান হয়নি।
সম্প্রতি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে রুহুল তার মেয়েকে জোর করে ভ্যান থেকে নামিয়ে মারধর করে বলে তিনি অভিযোগ করেন।
তিনি জানান, মেয়ে বাড়িতে এসে অভিযোগ করলে তিনি মেয়েকে সঙ্গে নিয়ে ঘটনাটি গ্রামের লোকজনদের জানাতে যান। বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা রুহুল ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে তার মেয়ে ও তাকে মারধর করে পালিয়ে যায়।
পরে এলাকার লোকজন গিয়ে তাদের উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান তিনি।
ওসি শাহিদ জানান, মারধরের ঘটনায় গত শনিবার মেয়েটি মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল ঘটার সত্যতা স্বীকার করেছেন।
