২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে অতিরিক্ত সার নিয়ে বিপাকে বিসিআইসি

কুড়িগ্রামে বাফার গুদাম কর্তৃপক্ষ ধারণক্ষমতার চেয়ে প্রায় চার গুণ বেশি সার নিয়ে বিপাকে পড়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2017, 01:12 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

বিসিআইসির কুড়িগ্রাম ইনচার্জ মো. মোস্তফা কামাল জানান, কুড়িগ্রাম বাফার গুদামের ধারণক্ষমতা দুই হাজার মেট্রিকটন। কিন্তু গুদামে আছে চার হাজার ২০০ মেট্রিকটন। আর এর বাইরে ফাঁকা জায়গায় স্তূপ করে রাখা হয়েছে আরও তিন হাজার ৩৪৪ মেট্রিকটন সার।

“বাইরে রাখা সারের প্রায় ৪০০ মেট্রিটন জমাটবেঁধে শক্ত হয়ে গেছে। আর ভেতরেও ধারণক্ষমতার দ্বিগুণ সার রাখায় জমাটবাঁধার আশঙ্কা রয়েছে। জমাটবাঁধা হলেও এর গুণাগুণ ঠিক আছে। তবু চাষিরা নিতে চায় না।”

অতিরিক্ত মজুদ সম্পর্কে তিনি বলেন, কৃষি বিভাগের দেওয়া চাহিদামোতাবেক সরকার সার সরবরাহ করে। কিন্তু কুড়িগ্রামের ডিলাররা সময়মতো সার উত্তোলন না করায় জট সৃষ্টি হয়েছে।

কুড়িগ্রাম সার ডিলার সমিতির সভাপতি সামছুল ইসলাম মণ্ডল বলেন, চীন থেকে আমদানি করা সার নিয়ে রয়েছে নানা অভিযোগ। জমাটবাঁধা, কালো হওয়া, পাথরের মতো শক্ত হওয়া, ইত্যাদি। এ কারণে এসব সার কৃষরা নিতে চায় না।

তাছাড়া কুড়িগ্রামের চাষিদের কাছে যমুনা ও কাফকোর নন-ইউরিয়া সারের চাহিদা বাড়তে থাকায় ইউরিয়ার চাহিদা কমছে বলে তিনি জানান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মকবুল হোসেন বলেন, নন-ইউরিয়া ব্যবহারের ফলে ইউরিয়ার ওপর চাপ কমছে। বিশেষ করে ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট), ভার্মি কম্পোস্ট, জৈবসার ব্যবহারের ফলে ইউরিয়া সারের ব্যবহার কমে গেছে।