২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিক্ষণ কাজের জন‌্য স্কাউটদের বনভূমি ব‌্যবহারের অনুমতি দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

গাজীপুরের মৌ‌চাকে রোভার স্কাউটদের প্রশিক্ষণ কেন্দ্রে স্থান সঙ্কুলান না হওয়ায় ৯৫ একর বনভূমি ব‌্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 05:46 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

বৃহস্পতিবার গোপালগঞ্জ শহরতলীর মানিকদাহে রোভার স্কাউটদের সবচেয়ে বড় সমাবেশ ‘জাতীয় রোভার মুট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি স্কাউট আন্দোলনের উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন উদ‌্যোগের কথা তুলে ধরেন।

পায়রা উড়িয়ে ১১তম জাতীয় রোভার মুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একাদশ জাতীয় রোভার মুট উপলক্ষে ডাক বিভাগের উদ্বোধনী খাম ও ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকেট উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ স্কাউটের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড.মোজাম্মেল হক খান, ১১তম জাতীয় রোভার মুটের সাংগঠনিক সভাপতি মোঃ শাহ্ কামাল বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশকে আমরা সবাই মিলে শান্তিময় করব। তবে তা কারও কাছে হাত পেতে নয়, ভিক্ষা করে নয়, বা কারও অনুকম্পা নিয়ে নয়।”

এবারের মুট থিম, ‘শান্তিময় জীবন, উন্নত দেশ’ অত্যন্ত সময়োপযোগী ও উদ্দীপনামূলক বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী রোভারদের উদ্দেশ্যে বলেন, “তোমরা এখান থেকে অর্জিত অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলবে।

“উন্নত দেশ গড়ার লক্ষ্যে আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। আমরা শান্তিময় দেশ চাই। সেজন্য  নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।”

স্কাউটদের প্রশিক্ষণ ও উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তলে ধরে শেখ হাসিনা বলেন, “আমরা মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে স্থান সমস্যা নিরসনের জন্য ৯৫ একর বনভূমি স্কাউটদের ব্যবহারের অনুমতি দিয়েছি।”

তবে এখান থেকে একটি গাছও না কাটার আহবান জানান প্রধানমন্ত্রী।

এছাড়া স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র ও ক্যাম্প সাইট স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম, পঞ্চগড়, সিরাজগঞ্জ, বগুড়া ও মানিকগঞ্জে জমি বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ স্কাউট আন্দোলনকে জোরদার করতে সরকার এর আগে ‘বাংলাদেশ স্কাউটিং সম্প্রসারণ ও স্কাউট শতাব্দি ভবন নির্মাণ’ শীর্ষক ১২২ কোটি ১০ লাখ টাকার একটি নতুন প্রকল্প অনুমোদন করেছে।

প্রাথমিক বিদ্যালয়গুলোতে কাব স্কাউটিং বাড়ানোর জন্যও উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এর আগে বেলা পৌনে ১১টায় দুইদিনের সফরে হেলিকপ্টারে করে ঢাকা থেকে গোপালগঞ্জে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বেলা ১১টায় ‘জাতীয় রোভার মুট’ এর মঞ্চে আসেন। প্রধানমন্ত্রীকে মুট স্কার্ফ, ব্যাজ, টুপি ও স্মরনিকা দেওয়া হয়। তিনি মুট পতাকা হস্তান্তর করার পর কুচকাওয়াজ হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি, প্রতিবন্ধী শিশু ও স্কাউটরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়

প্রধানমন্ত্রী দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুব লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছা সেবক লীগ, যুব মহিলা লীগ সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপিস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর দুপুর ১টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বেদীর পাশে কিছুক্ষন নিরবে দাঁড়িয়ে থাকার পর প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ এবং দোয়া করেন।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কবরের পাশে বসে পরিবারের সদস্যদের নিয়ে কোরআন তেলাওয়াতও করেন।

টুঙ্গিপাড়ায় বাসভবনে রাত্রিযাপনের পর শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর ঢাকা রওনা হওয়ার কথা রয়েছে।