হরতালে পুলিশের ভূমিকার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে ডাকা হরতালে ঢাকায় পুলিশের কঠোর ভূমিকার নিন্দা জানানোর পাশাপাশি বিক্ষোভ দেখিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্রসংগঠন।
বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে বৃহস্পতিবার দুপুরে এক সমাবেশ করে সেখান থেকে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ দেখায়।
সমাবেশে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেনহাজুল আবেদিন বলেন, “হরতাল চলাকালে পুলিশ হরতাল সমর্থনকারীদের ওপর হামলা চালিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। তাদের আহত করেছে। এটা বর্বরতা ছাড়া আর কিছুই নয়।”
পুলিশের কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে ঢাকার শাহবাগে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি প্রিন্স, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাকন বিশ্বাস আহত হয়েছেন বলে দাবি করেন মেনহাজুল আবেদিন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তমাশ্রী দাস বলেন, “তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন বন্ধের দাবিতে ডাকা হরতালে ঢাকায় কয়েক দফা টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ।”
তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “পরবর্তীতে এই কমিটি অন্য যে কর্মসূচি ঘোষণা করবে, তার প্রতিও আমরা একাত্ম ঘোষণা করছি।”
সেই সঙ্গে তিনি আটককৃতদের নিঃশর্ত মুক্তিসহ আজকের ঘটনার নিন্দা জানান।
বিক্ষোভ-সমাবেশে ছাত্রফ্রন্টের নেতা তাসনুফা তাহারিনসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
