লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যায় স্বামী ও বোনের যাবজ্জীবন
লক্ষ্মীপুরে গৃহবধূ ফেরদৌসী বেগম লিপি হত্যা মামলায় স্বামী ও বোনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন লিপির স্বামী লক্ষ্মীপুরের রামগঞ্জের শ্যামপুর গ্রামের ওসমান গণি ও বোন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের মো. মমিন উল্লাহর মেয়ে তাছলিমা বেগম রুমা।
সেইসঙ্গে আদালত গণিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি জসিম উদ্দিন জানান।
মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর রাতে স্ত্রী ফেরদৌসী বেগম লিপিকে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পুকুরে ফেলে দেয় ওসমান গণি। এ ঘটনায় ওই বছরের ২৪ অক্টোবর নিহতের বাবা মো. মমিন উল্লাহ বাদী হয়ে ওসমান গণিকে আসামি করে মামলা করেন।
“২০১০ সালের ১৯ অক্টোবর সিআইডি তদন্ত করে ওসমান গণি ও নিহতের বোন তাছলিমাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয়। প্রতিবেদনে শ্যালিকা ও ভগ্নিপতির পরকীয়ার বিষয়টি বের হয়ে আসে।”
