২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের পর স্কুলছাত্রকে পুড়িয়ে হত্যা, ২ জনের ফাঁসির দণ্ড

বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহরণের পর স্কুলছাত্র নাঈমুল ইসলাম নাঈমকে ইটভাটায় পুড়িয়ে হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 06:07 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বুধবার বগুড়ার অতিরিক্ত জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।

তাছাড়া রায়ে আরও একজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাসিমুল করিম হলি।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কাহালু উপজেলার উল্টাপূর্বপাড়ার আব্দুল মান্নানের ছেলে জাকারিয়া (২৭) ও একই এলাকার আলীমুদ্দীনের ছেলে ডালিম (২৩)। একইসঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

সাত বছর কারাদণ্ডপ্রাপ্ত একই এলাকার আহম্মেদ আলী সরকারের ছেলে আব্দুল মতিন ওরফে মতিকে (৩২) দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার শুরু থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জাকারিয়া ও ডালিম পলাতক রয়েছেন।

তাছাড়া আরেক আসামি শাকিল মোল্লার বয়স কম হওয়ায় নারী ও শিশু আদালতে তার মামলা বিচারাধীন এবং আসাদুজ্জামান ওরফে জামান ও আনিছার রহমান নামে দুই আসামির বিচার কাজ উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

মামলার নথির বরাত দিয়ে এপিপি জানান, কাহালু উপজেলার রুস্তমচাপড় এলাকার রফিকুল ইসলাম তালুকদারের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র নাঈমুল ইসলাম নাঈমকে মুক্তিপণের দাবিতে ২০১২ সালের ৫ এপ্রিলে অপহরণ করা হয়। পরদিন তাকে শ্বাসরোধে হত্যার পর ইট ভাটায় পুড়িয়ে লাশ গুম করা হয়।

এ ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করেন রফিকুল ইসলাম তালুকদার। মামলার তদন্ত কর্মকর্তা কাহালু থানার এসআই আনোয়ার হোসেন ছয়জনের বিরুদ্ধে একই বছরের ১১ ডিসেম্বরে আদালতে অভিযোগপত্র দেন।

রায়ের ন্যায় বিচার পাননি দাবি করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী তাজ উদ্দীন।