২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগের পাল্টাপাল্টি সভায় বাহুবলে ১৪৪ ধারা

হবিগঞ্জের বাহুবলে একইস্থানে যুবলীগের দুই পক্ষ পাল্টাপাল্টি সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 04:04 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা সদর ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

বাহুবল থানার ওসি মনিরুজ্জামান জানান, বর্তমান সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে বাহুবল উপজেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি বুধবার বেলা ৩টায় সদরে একটি সভা আহ্বান করে। সভার বিষয়টি মঙ্গলবার প্রচার করলে একই স্থানে পাল্টা সভা ডাকে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারা মিয়ার অনুসারীরা।

“এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে যেকোনো ধরনের গোলযোগ এড়াতে উপজেলা প্রশাসন সভা-সমাবেশের উপর এ নিষেধাজ্ঞা জারি করে।”

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ক্ষমতাসীন দলের দুই পক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে।