২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর রাজশাহীতে ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর রাজশাহীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 05:19 PM

Updated : 11 Oct 2022, 01:22 PM

মঙ্গলবার দুপুর ২টা থেকে রাজশাহীর সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান মালিক সমিতির সহসভাপতি ফয়সাল কবীর চৌধুরী

তিনি বলেন, মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত নগরীর আমানা ক্লিনিক, রয়েল হাসপাতাল ও ডেল্টা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা করে।

“এ ঘটনায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নেতারা তাৎক্ষণিকভাবে বৈঠক করে তিনদফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।”

পরে বেলা ২টা থেকে রাজশাহীর সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয় বলে জানান তিনি।

রাজশাহীতে ১০০ বেশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলেও জানান মালিক সমিতির এ নেতা।

তাদের দাবিগুলো হলো যখন তখন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অতিরিক্ত জরিমানা বন্ধ, অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স এবং সাইনবোর্ড ফি প্রত্যাহার।