২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিকে প্রাণনাশের ‘হুমকি’, সিরাজগঞ্জে যুবলীগকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নাকে প্রাণনাশের হুমকিসহ কটূক্তি করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 02:45 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

আটক আহসান হাবিব জুয়েল সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুরকানু গ্রামের আবুল হোসেনের ছেলে।

সদর থানার এসআই আজিম বলেন, সোমবার সন্ধ্যায় বহুলী বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জুয়েলকে আটক করে পুলিশে দেয়।

“জুয়েলের বিরুদ্ধে  সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নাকে প্রাণনাশের হুমকি, গালমন্দ ও কটূক্তি করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ আনা হয়েছে।”

এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে সোমবার রাতে সদর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি হেলাল উদ্দিন।

মামলার বাদী পান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুবলীগকর্মী আহসান হাবিব জুয়েল নিজের ফেইসবুক আইডিতে এমপি মহোদয়ের বিরুদ্ধে গালমন্দ, কটূক্তি ও প্রাণনাশের হুমকি দিয়ে বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন।

“এ কারণে স্থানীয় ইউনিয়ন যুবলীগের নেতা লিটন খানের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা জুয়েলকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোর্পদ করেছে। এরপর আমি নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”