সুনামগঞ্জে ধামাইল উৎসব
আন্তর্জাতিক রাধারমণ পরিষদের আয়োজনে সুনামগঞ্জে শুরু হয়েছে দুই দিনের ধামাইল উৎসব।
জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে শুক্রবার রাত ৮টায় উৎসবের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
প্রথম দিনের উৎসবে লোকসংস্কৃতি আলোচনার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক সংগঠন ধামাইল পরিবেশন করে।
প্রথম দিন মুখ্য আলোচক ছিলেন লোকসংস্কৃতি গবেষক সুবাস উদ্দিন। ধামাইল পরিবেশন করে ছাতক উপজেলা শিল্পকলা একাডেমি, শ্রীমঙ্গলের নবনাগরী ধামাইল সংঘ, শতদল শিল্পীগোষ্ঠী, বুলবুল সংগীত নিকেতন, জেলা বাউল কল্যাণ সমিতি।
অনুষ্ঠানে ছিলেন আন্তর্জাতিক রাধারমণ পরিষদের সভাপতি ডি চৌধুরী অসিৎ, পুলিশ সুপার হারুন অর রশীদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী খসরু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সজীব রঞ্জন দাস প্রমুখ।
