শিবির সন্দেহে ৩ শিক্ষার্থীকে পুলিশে দিল রাবি ছাত্রলীগ
শিবির সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে তাদের ধরে পুলিশে দেয় বলে জানান মতিহার থানার ওসি হুমায়ুন কবির।
আটককৃতরা হলেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের ফাহাদ, লোক প্রশাসন বিভাগের শফিকুল এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শুভ।
ওসি হুমায়ুন বলেন, “আমরা কাউকে আটক করিনি। বেলা সাড়ে ৩টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা তিন শিক্ষার্থীকে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে।
“আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল রুনু বলেন, “এরা শিবিরকর্মী।বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে কর্মী সংগ্রহের কাজ করছিল।
“এসময় আমাদের কিছু নেতাকর্মী বিষয়টি বুঝতে পেরে আমাকে ও সভাপতি গোলাম কিবরিয়াকে জানালে সেখানে গিয়ে তাদের ফোন চেক করি। পরেশিবিরের বিভিন্ন অনুষ্ঠানের ছবিসহ নানা ধরনের তথ্য পাওয়ায় ধরে পুলিশে দিয়েছি।”
