সাভারে নবজাতক ‘হত্যায়’ মা আটক
সাভারে নিজের নবজাতক মেয়েকে হত্যার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার ব্যাংক কলোনি এলাকার একটি বাড়ি থেকে পাঁচ দিন বয়সী বাচ্চাটির লাশ উদ্ধার হয় বলে সাভার মডেল থানার এসআই শামছুল হক সুমন জানান।
আটক অঞ্জনা দাস ওই এলাকার গৌরাঙ্গ দাসের স্ত্রী।
গৌরাঙ্গ আশুলিয়ার দোসাইদ এলাকায় একটি কামারের দোকানে কাজ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই শামছুল বলেন, গৌরাঙ্গ ও অঞ্জনার সংসারে আর তিনটি মেয়ে আছে। পাঁচ দিন আগে চতুর্থবারের মতো কন্যা সন্তান হয় তাদের। এ নিয়ে গৌরাঙ্গের সঙ্গে অঞ্জনার ঝগড়া হয়।
এর জেরে অঞ্জনা শিশুটিকে ‘গলা টিপে’ হত্যা করতে পারেন বলে ধারণা পুলিশের এই এসআইয়ের।
তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে গৌরাঙ্গ দাসের ঘর থেকে তার মেয়ের লাশ উদ্ধার করা হয়। এ সময় বাড়িতে অঞ্জনা ছাড়া আর কেউ ছিলেন না।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
“শিশুটির গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে । প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে বাচ্চা অসুস্থ ছিল বলে অঞ্জনা পুলিশকে জানিয়েছেন,” বলেন এসআই শামছুল।
