জলমহাল নিয়ে সংঘর্ষ: উপজেলা চেয়ারম্যানসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ
সুনামগঞ্জের দিরাইয়ের জারলিয়া জলমহাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিতে তিনজন নিহতের ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ ৩৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
বৃহস্পতিবার দুপুর উপজেলার হাতিয়া গ্রামের একরার হোসেন এ অভিযোগ দায়ের করেন বলে জানান দিরাই থানার ওসি আব্দুল জলিল।
অভিযোগে দিরাই উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র মোশারফ মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৩৯ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার জারলিয়া জলমহাল দখলকে কেন্দ্র করে একরার হোসেন ও মাসুক মিয়া পক্ষের সংঘষের্ গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হন।
অভিযোগে বলা হয়েছে, দীর্ঘ দিন ধরে দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমানসহ অভিযোগে থাকা ব্যক্তিরা জারলিয়া জলমহাল জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। গত মঙ্গলবার তারা বন্দুক, রামদাসহ অস্ত্রশস্ত্র নিয়ে জলমহালের পাহারাদারদের উপর হামলা চালায়।
“এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাজুল ইসলাম এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহারুল ইসলাম ও উজ্জ্বল মিয়ারে মৃত্যু। আহত হয়বেশ কয়েকজন।”
ওসি আব্দুল জলিল বলেন, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
বাদী একরার হোসেন বলেন, “অভিযোগ না করার জন্য আমাকে দেশ-বিদেশ থেকে ফোনসহ নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। আসামিরা প্রভাবশালী হওয়ায় আতঙ্কে আছি।”
এদিকে জলমহাল দখল বিষয়ে কিছু জানেন না দাবি করে পৌর মেয়র মোশারফ মিয়া বলেন, “আমি জলমহালের মালিক নই। এই বিষয়ে কিছুই জানি না।”
ঘটনার দিন (মঙ্গলবার) পৌরসভায় সকাল থেকে পরিষদের মিটিংয়ে ছিলেন বলেও দাবি করেন তিনি।
