২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজলোয় একটি চাতালে বয়লার বিস্ফোরণে দগ্ধ হওয়ার ছয়দিন পর তিন শ্রমিকের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই নারী রয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 08:08 PM

Updated : 11 Apr 2022, 10:49 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মঙ্গলবার তাদের মৃত্যু হয় বলে জানান উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান সেখ।

গত ১১ জানুয়ারি শিয়ালকোল বাজার এলাকায় শামীম তালুকদারের চাতালে বয়লার বিস্ফোরণে এরা আহত হন।

মৃতরা হলেন শিয়ালকোল গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে ছবের আলী (৫০), তার স্ত্রী জাহানারা খাতুন (৪৫) ও মৃত সাইদের স্ত্রী সাকেরা বেওয়া (৪৮)।

চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, চাতালে কাজ করার সময় বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ ও দুই শ্রমিক আহত হন। দগ্ধদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা ওই দিনই তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠিয়ে দেন।

“সেখানে মঙ্গলবার তিনজনই মারা যান।”

চাতাল মালিক শামীম তালুকদার বলেন, “মরদেহ ঢাকা থেকে সিরাজগঞ্জে নেওয়ার জন্য রওনা হয়েছি।”

সদর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”