২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ সদর উপজেলায় এক চাল ব্যবসায়ীকে হত্যায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 07:02 PM

Updated : 11 Apr 2022, 10:49 PM

মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. ইমান আলী শেখ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ছাইমুদ্দিনের ছেলে সাইফুল (৫০) ও আব্দুল হাই (৪০), একই গ্রামের বাহের আলীর ছেলে সুলতান (৩৬), ছাইদুল ইসলামের ছেলে জামিল (৩০), সুজাব আলীর ছেলে মকিম (৪০) এবং টাঙ্গাইলের ঘাটাইল থানার চৈথট্ট গ্রামের হযরত আলীর ছেলে মজনু (৩৫)।

একইসঙ্গে আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, আসামিদের সঙ্গে রঘুনাথপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে চাল ব্যবসায়ী আব্দুস ছালামের জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে ২০০৭ সালের ২১ অক্টোবর রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ছালামকে কুপিয়ে হত্যা করেন আসামিরা।

“এ ঘটনায় ২২ অক্টোবর জামাল উদ্দিন বাদী হয়ে আটজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০৯ সালের ৭ জানুয়ারি ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। ”