২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২

কক্সবাজারে বোমা তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়েছে; যাদের কোনো ‘নিষিদ্ধ রোহিঙ্গা সংগঠনের’ সদস্য হতে পারে বলে ধারণা করছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 06:17 PM

Updated : 19 Aug 2022, 03:30 PM

মঙ্গলবার দুপুরে শহরের খুরুশকুল রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আশেকুর রহমান।

আটকরা হলেন, শহরের মহুরী পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে করিম উল্লাহ (৪০) ও রুমালিয়ারছড়া এলাকার মৃত জাফর হোসেনের ছেলে মোহাম্মদ রমিজ (৪২)।

বিকালে র‌্যাব কক্সবাজার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আশেকুর রহমান বলেন, বোমা তৈরির সরঞ্জামসহ আগ্নেয়াস্ত্র পাচার করা হচ্ছে এমন খবরে শহরের খুরুশকুল রাস্তার মাথা এলাকায় অভিযান চালানো হয়।

“এসময় ব্যাটারি চালিত অটোরিকশায় (টমটম) তল্লাশি চালিয়ে দুটি বস্তায় বোমা তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়।”

আটক দুজন কোনো ‘নিষিদ্ধ রোহিঙ্গা সংগঠনের’ সদস্য বলে ধারণার কথা জানিয়ে তিনি বলেন, “তাদের এবং তাদের পরিবারের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে এবং উদ্ধার করা সরঞ্জামগুলো র‌্যাবের বিশেজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করছে।”

সেইসঙ্গে আটকদের অধিকতর জিজ্ঞাসাবাদ ও বোমা তৈরির সরঞ্জামগুলো কোথা থেকে এসেছে তা জানার জন্য অনুসন্ধান চলছে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।