বাড়ির পথের ট্রেন ধরা প্রবাসীর লাশ মিলল রেললাইনের পাশে
মালয়েশিয়া থেকে ফিরে সিরাজগঞ্জে গ্রামের বাড়ির পথে রওনা হওয়া এক প্রবাসীর লাশ পাওয়া গেছে গাজীপুরে রেললাইনের পাশে।
পুলিশের ধারণা, মালপত্র ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ায় সফিকুল ইসলাম (৩৫) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ থেকে তারা লাশটি উদ্ধার করেন।
পরে লাশের সঙ্গে থাকা পাসপোর্টের সূত্র ধরে সফিকুলের পরিচয় জানা যায় এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তারা।
গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল হাসান বিল্লাল জানান, সফিকুল সিরাজগঞ্জ সদর উপজেলার মাজুআইল গ্রামের আলতাফ হোসেনের ছেলে। ২০০৭ সালে চাকরি নিয়ে তিনি মালয়েশিয়ায় যান। পরে সিতি হাজার বিনতি নামে এক মালয়েশীয় নারীকে তিনি বিয়ে করেন।
এরপর সকালে গাজীপুরে রেললাইনের পাশে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে বিল্লালকে খবর দেয়। পরে বিল্লাল খবর দেন থানায়।
এএসআই দেলোয়ার জানান, সফিকুলের লাশের পাশে একটি ব্যাগ পাওয়া গেছে। সেখানে তার স্ত্রীর পাসপোর্টও পাওয়া গেছে।
তিনি বলেন, “পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ছিনতাইকারীরা সফিকুলের সাথে থাকা মালপত্র ছিনিয়ে নিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেয়। এতে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়।”
