২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসতঘর ভাঙার অভিযোগ বনকর্মীদের বিরুদ্ধে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চাঁদা দাবি ও একটি বসতঘর ভেঙে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে এক বনবিট কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2017, 10:38 PM

Updated : 11 Oct 2022, 01:20 PM

গৃহবধূ বিউটি আক্তার বলেন, তিনি নিজে বাদী হয়ে সোমবার কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ এবং গাজীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন বন বিট কর্মকর্তা আব্দুল আহাদ, বন প্রহরী হারুন আর রশীদ, বশির আহমেদ বাবুল, বন ওয়াচার বেলাল হোসেন ও অফিস সহায়ক ফয়েজ মিয়া।

মামলার নথি থেকে জানা যায়, কালিয়াকৈর রেঞ্জের আওতায় রঘুনাথপুর ফরেস্ট অফিসে বর্তমানে বিট কর্মকর্তা না থাকায় মৌচাক বিট অফিসের কর্মকর্তা আব্দুল আহাদ দুটি অফিসের দায়িত্ব পালন করে আসছেন।

কালিয়াকৈরের সোনাতলা এলাকায় বিউটি আক্তার ও তার স্বামী আয়নাল হক একটি খোলা জায়গায় ঘর বেঁধে প্রায় ৩০ বছর ধরে বসবাস করছেন। ঘরের কিছু টিন নষ্ট হওয়ায় সম্প্রতি সেগুলো পরিবর্তন করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

বাদীর অভিযোগ, ঘর মেরামতের সময় রঘুনাথপুর বিটের বন প্রহরীরা বাদীর কাছে ৪০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় গত শনিবার দুপুরে বিট কর্মকর্তা আব্দুল আহাদের নেতৃত্বে তাদের ঘর ভেঙে দেয়। ঘরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল তছনছ করে।

ওই বাড়ির আশপাশে সুজা মিয়া, আনতু মিয়া, তাহাজুদ্দিন, তোতা মিয়া, রাইজুদ্দিন, মোহাব্বত আলী, সামসুল হোসেন, ফনু মিয়া, তাইজুদ্দিনসহ কয়েকজন বনের জমিতে ২০-২২টি নতুন ঘর তুললেও তাদের কাছ থেকে টাকা পাওয়ায় তাদের ঘর ভাঙা হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়।

তাদের প্রত্যেকের কাছ থেকে ৩০ থেকে ৫০ হাজার করে নেওয়া হয়েছে বলেও মামলা দাবি করা হয়েছে।

এ ব্যাপারে আব্দুল আহাদ বলেন, শনিবার সরকারি কাজে বাধা, বনকর্মীদের প্রাণনাশের হুমকি ও সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে পরদিন (রোববার) বোয়ালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ ন ম ইব্রাহীম খলিল, আতিকুর রহমান, মালেক খান, শহিদুল ইসলাম, সোহেল মিয়া, রাসেল মিয়া, ওহাব মিয়া, হেলাল উদ্দিনসহ অজ্ঞাত শতাধিক গ্রাবাসীকে আসামি করে মামলা দায়ের করা হয় বনবিভাগের পক্ষ থেকে।  

তিনি বলেন, এর আগে গত ১৭ ডিসেম্বর বনকর্মীদের মারধর, বনের জবর দখলের অভিযোগে স্থানীয় আয়নাল হক ও তার স্ত্রী বিউটি আক্তারসহ তিনজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগও দায়ের করে বনবিভাগ।

এসব অভিযোগ দায়েরে ক্ষিপ্ত হয়ে বিউটি আক্তার ষড়যন্ত্রমূলক কোনো মামলা করে থাকতে পারেন। তবে আদালতে মামলার খবর তিনি এখনও পাননি বলে জানান।

বিউট আক্তার বলেন, অনেকেই বন কর্মকর্তাদের টাকা দিয়েছেন, কিন্তু তিনি দেননি। তার কাছে ৪০ হাজার টাকা চাওয়া হয়েছে। টাকা না দেওয়ায় আব্দুল আহাদের নেতৃত্বে অন্যরা তার ঘর ভেঙ্গে দেয়। অথচ বনের জমিতে প্রতিনিয়ত নতুন নতুন ঘর উঠছে, কিন্তু তাদের তারা কিছু বলছে না।

টাকা চাওয়ার কথা অস্বীকার করে আব্দুল আহাদ বলেন, অনেক আগে যে সমস্ত ঘর বনের জমিতে তোলা হয়েছে সেগুলি উচ্ছেদ করা হয় না, কিন্তু নতুন করে যারা ঘর ওঠাচ্ছে সেগুলি ভেঙে দেওয়া হচ্ছে।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া বলেন, বনকর্মকর্তা আব্দুল আহাদ ১৭ ডিসেম্বর সাধারণ ডায়েরি এবং রোববার একটি অভিযোগ করেছেন। এসবের তদন্ত কাজ চলছে।

তবে বিউটি আক্তারের থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি তার নলেজে নেই বলে জানান।

বাদীর আইনজীবী আতিকুর রহমান জানান, মামলাটি তদন্তের জন্য পুলিশ বু্য্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হয়েছে।