২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণাকুণ্ডুর ওসির বিরুদ্ধে বিভিন্ন হুমকির অভিযোগ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার ওসির বিরুদ্ধে হত্যামামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টিসহ বাদীকে ‘ক্রস ফায়ারে’ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2017, 04:02 PM

Updated : 19 Aug 2022, 03:30 PM

হরিণাকুণ্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামের মধু সরদার সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ আনেন।

তবে ওসি মাহাতাব উদ্দীন এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।

মধু সরদার লিখিত বক্তব্যে বলেন, “পূর্বশত্রুতার জেরে নিত্যানন্দপুর গ্রামের আতিয়ার সর্দার ও তার সহযোগীরা গত বছরের ৩ নভেম্বর আমার চার বছরের ছেলে জুবায়েরকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করেন।

“এর দুই দিন পর গ্রামের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে আদালতে ১১ জনকে আসামি মামলা করা হয়।”

আদালত ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য হরিণাকুণ্ডু থানার ওসিকে নির্দেশ দেয় বলে জানান মধু সরদার।

তিনি অভিযোগ করেন, “আদালত নির্দেশ দেওয়ার পর থেকে ওসি মাহাতাব উদ্দিন আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধমকি দেন। এছাড়া আমাকে ক্রসফায়ারে হত্যার হুমকি দেন।”

আসামিরা ওসির ছত্রচ্ছায়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেন মধু সর্দার।

তিনি মামলাটি অন্য কোনো সংস্থার মাধ্যমে তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে মধু সরদারের স্বজনরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ওসি মাহাতাব উদ্দীন বলছেন, “এসব অভিযোগ মিথ্যা। মামলার দুইজন আসামিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

খায়রুল ইসলাম ও শুকুর আলী নামে দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর তারা কারাগারে আছেন বলে জানান ওসি মাহাতাব।