বাগমারায় পিস্তলসহ গ্রেপ্তার ২
রাজশাহীর বাগমারা উপজেলায় বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
উপজেলার মাদিলা উত্তর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫-এর সহকারী পরিচালক শেখ নজরুল ইসলামের ই-মেইলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন - উপজেলার বেনীপুর গ্রামের জবান আলীর ছেলে শরিফুল ইসলাম রকেট (২২) ও মাদিলা গ্রামের খয়বর রহমানের ছেলে জাহিদুর রহমান (২৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদিলা উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। তারা মাদক সেবনরত অবস্থায় রকেটকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই লাউন্ড গুলি উদ্ধার করা হয়।
একই সময় একই জায়গা থেকে ২৪টি ইয়াবাসহ জাহিদুরকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
