গাজীপুরে কভার্ডভ্যান ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরের শ্রীপুরে কভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই জন।
শুক্রবার বেলা সোয়া ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান।
নিহত শিমুল শ্রীপুরের মুলাইদ উত্তর পাড়া গ্রামের সরাফত আলীর ছেলে। স্থানীয় কলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল সে।
আহতদের মাওনা আলহেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিওফোর ডটকমকে ওসি হাফিজুর বলেন, “দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে মাওনা চৌরাস্তার দিকে যাওয়ার পথে পেছন থেকে একটি কভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই শিমুলের মৃত্যু হয়।”
তিনি জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে শিমুলের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর কভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি।
