২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ‘পাখি শিকারির’ গুলিতে একজন আহত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কথিত পাখি শিকারির ‘বন্দুকের’ গুলিতে এক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 11:22 AM

Updated : 19 Aug 2022, 03:28 PM

আহত শরিফুল ইসলাম (৩৮) একই উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের লোহাগড় গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

ফরিদগঞ্জ থানার এসআই ফারুক আলম এলাকাবাসীর বরাতে বলেন, লোহাগড় গ্রামের শরীফ সেকদি গ্রামে তার ভগ্নিপতি বাবুল তপাদারের বাড়ি গিয়েছিলেন।

“বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার জসিম উদ্দিন তপাদার বন্দুক দিয়ে পাখি শিকার করছিলেন। এ সময় একটি গুলি শরিফের পিঠে বিদ্ধ হয়।”

কী ধরনের গুলি ছিল এ সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য পাওয়া যায়নি।

চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. নামজমুল আবেদিন বলেন, “শরিফের পিঠে বিক্ষিপ্ত গুলি লেগেছে। এসব গুলি তার শরীরের বিভিন্ন স্থানে ঢুকেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃহস্পতিবারই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

কয়টি গুলি বা স্প্লিন্টার লেগেছে কিনা জিজ্ঞেস করলেও তিনি শুধু ‘শরীরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত গুলি’ বলেই জানান।

স্প্লিন্টার বা গুলির সংখ্যা তিনি গুনে দেখেননি বলে দাবি করেন।

সেকদী গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য মানছুর আহমেদ বলছেন, “শরিফুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে গাউসুল আজম মাদ্রাসা সংলগ্ন ডাকাতিয়া নদীর তীরে ঘুরতে বের হন।

“এ সময় পাখি শিকারি জসিমের বন্দুক থেকে অসতর্কতাবশত ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়ে যায়। তিনি পিঠে গুলিবিদ্ধ হন।”

কথিত পাখি শিকারি জসিম উদ্দিন তপাদারকে (৪০) আটক করতে পারেনি পুলিশ।

এসআই ফারুক বলেন, জসিমকে আটকের জন্য তার বাড়ি গিয়ে তালাবদ্ধ পাওয়া গেছে। তাকে আটকের চেষ্টাসহ পুলিশ বিষয়টি তদন্ত করছে।