সুবিধা পেতে বাবার জায়গায় মুক্তিযোদ্ধা চাচার নাম
শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সুবিধা নিতে লালমনিরহাটে বাবার নামের জায়গায় মুক্তিযোদ্ধা চাচার নাম ব্যবহার করে আসার ঘটনা ফাঁস হয়েছে ‘চাচা-ভাতিজার দ্বন্দ্বে’।
হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা ইব্রাহীম হোসেন নিজেই ওই বৃত্তি বাতিল করে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন দুটি প্রতিষ্ঠানে।
তার ভাতিজা রুবেল হোসেন বর্তমানে রংপুর কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র।
রুবেলের বাবার নাম আছির উদ্দিন হলেও সব শিক্ষা সনদে পিতার নামের জায়গায় লেখা রয়েছে তার বাবার বড় ভাই ইব্রাহীম হোসেনের নাম।
হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের আহ্বায়ক রোকনুজ্জামান সোহেল জানান, ইব্রাহীম হোসেন সম্প্রতি বিষয়টি ‘সংশোধনের’ জন্য ভারতীয় হাইকমিশন ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আবেদন করেছেন। ওই দুটি প্রতিষ্ঠান থেকে রুবেল শিক্ষাবৃত্তি নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে রুবেল মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি যখন ছোট ছিলাম তখন থেকেই উনি আমার বাবা সেজেছেন। আর ভারতীয় হাইকমিশন থেকে এখন পর্যন্ত শিক্ষাবৃত্তির যে ৪৮ হাজার টাকা পেয়েছি, তার অর্ধেক উনি নিয়েছেন। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির ভাগও তিনি নিয়েছেন।”
স্থানীয়রা জানান, কদিন আগে ইব্রাহীম হোসেনের সঙ্গে তার ভাই আছিরউদ্দিনের ঝগড়া হয়। সে সময় রুবেল তার বাবার পক্ষ নিলে চাচা ক্ষুব্ধ হন। পরে তিনিই সব গোপন কথা ফাঁস করে দেন।
ইব্রাহীমের কাছ থেকেই বিষয়টি শুনেছেন জানিয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের রোকনুজ্জামান সোহেল বলেন, “এভাবে মুক্তিযোদ্ধার সন্তান বানানোর কৌশল দুঃখজনক। এতে শুধু রুবেলেরই ক্ষতি হবে না, প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিও মানুষ বিশ্বাস হারাতে পারে।”
তবে ইব্রাহীম দুটি প্রতিষ্ঠানে করা তার আবেদন বা ভাতিজার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। কথা বলতে চাননি রুবেলের বাবা আছির উদ্দিনও।
এ ঘটনার জন্য চাচা ইব্রাহীম হোসেনকেই দায়ী করেন টংভাঙ্গা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার নূরল আমিন।
তিনি বলেন, “নিজের ভাতিজাকে মুক্তিযোদ্ধার সন্তান বানিয়ে বিশেষ সুবিধা নেওয়ার কৌশলটি ইব্রাহীমই শিখিয়েছেন।”
টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুর রহমান বলেন, “আছির উদ্দিনের ছেলে রুবেল। আছির উদ্দিন ও তার বড় ভাই ইব্রাহীম টাকার জন্য এসব কাজ করেছেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুই ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”
