রাজশাহীতে শিক্ষা বোর্ডের কর্মচারী হত্যা : ৪ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহী শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারী আবদুল শেখ হত্যায় তার দুই ছেলে ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ জানান, সোমবার রাতে আবদুল শেখের মেজো ছেলে আবু বক্কর সিদ্দিক সুরুজ বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন আবদুল শেখের ছোট ছেলে শরিফুল ইসলাম শরিফ (৩৫) ও তার স্ত্রী হাবিবা আক্তার লাইজু (৩০) এবং বড় ছেলে আবু তাহের সুজন ও তার স্ত্রী আক্তারুন নেছা।
পারিবারিক বিরোধের জেরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকায় বাড়িতে মারধর ও পরে বালিশ চাপা দিয়ে আবদুল শেখকে হত্যা করা হয়।
এ ঘটনায় জড়িত অভিযোগে আবদুলের ছোট ছেলে শরিফ ও তার স্ত্রী হাবিবাকে সোমবারই আটক করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি আমান বলেন, দুপুরে শরিফ ও লাইজুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
তবে ঘটনার পর থেকে সুজন ও তার স্ত্রী আক্তারুন নেছা পালতক রয়েছেন। তাদেরও দ্রুতই গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
এদিকে আবদুল শেখের ময়নাতদন্ত শেষে সোমবার রাতে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।
তবে আবদুল শেখের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না বলে ময়নাতদন্ত শেষে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এনামুল হক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, লাশের ভিসেরা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
