ঝালকাঠিতে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার
ঝালকাঠিতে স্টিমারের ধাক্কায় সুগন্ধা নদীতে ডুবে যাওয়ার দুইদিনের মাথায় ট্রলার উদ্ধার করা গেলেও নিখোঁজ তিন যাত্রীর সন্ধান মেলেনি।
রোববার সন্ধ্যায় সুগন্ধা নদীর পৌর খেয়াঘাটের দুর্ঘটনাস্থল থেকে ট্রলারটি উদ্ধার করা হয় বলে ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. গোলাম রসূল জানান।
গত শুক্রবার সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের খেয়াঘাট থেকে পৌরসভা খেয়াঘাটে যাওয়ার পথে ১১ জন যাত্রী নিয়ে ট্রলারটি সুগন্ধা নদীতে ডুবে যায়।
দুর্ঘটনার পর চালকসহ ট্রলারের আট যাত্রী স্থানীয় জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও তিন যাত্রী নিখোঁজ হয়।
তারা হলেন- পোনাবালিয়া ইউনিয়নের ইছালিয়া গ্রামের রাজ্জাক মল্লিক রাজা (৩২), দেউরি গ্রামের তসলিম হাওলাদার (৫০) ও মহদিপুর গ্রামের আলম জমাদ্দার (৪৫) ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফায়ার সার্ভিস কর্মকর্তা গোলাম রসূল বলেন, দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।
“রোববার ট্রলারটি উদ্ধার করা গেছে; তবে নিখোঁজ ব্যক্তিরা স্রোতের টানে নদীর অন্য এলাকায় সরে যেতে পারে ধারণা করা হচ্ছে।”
তাদের খূঁজতে সুগন্ধার আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় নৌযান নিয়ে সন্ধান চালানো হচ্ছে বলে জানান তিনি।
এ দিকে ট্রলারটি উদ্ধারের সময় নিখোঁজ যাত্রীদের পরিবারের সদস্যরা ও এলাকাবাসী সুগন্ধার দুই পাড়ে ভিড় করেন।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব জানান, শনিবার নিখোঁজদের পরিবারের সদস্যরা থানায় জিডি করেছেন।
