২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগর হামলায় আরেক আ. লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দির ও বাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগের আরেক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 10:24 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

গ্রেপ্তার মো. সুরুজ আলী উপজেলার চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। হামলার পরপরই যে তিনজনকে জেলা আওয়ামী লীগ বহিষ্কার করেছিল তাদের মধ্যে তিনি ছিলেন।

রোববার রাত সাড়ে ৭টার দিকে চাপরতলা গ্রাম থেকে সুরুজকে গ্রেপ্তার করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজ উদ্দিন জানান।

তিনি বলেন, “নাসিরনগর হামলার ভিডিও ফুটেজে সুরুজ আলী জড়িত বলে প্রমাণ মিলেছে। এরই প্রেক্ষিতে চাপরতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”  

ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ ছবি পোস্ট করার অভিযোগে গত ৩০ অক্টোবর  নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

এ হামলায় জড়িত অভিযোগে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা আতিকুর রহমান আঁখিসহ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই হামলার ‘হোতা’ আঁখি বর্তমানে পুলিশ রিমান্ডে আছেন।

হিন্দু পল্লীতে হামলার ঘটনায় স্থানীয় বারোয়ারি মন্দিরের পুরোহিতসহ দুই ব্যক্তি দুটি মামলা দায়ের করেন। প্রত্যেক মামলায় অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়।