সরাইলে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনায় হেলাল মিয়া (৩৭) নিহত হন বলে জানান সরাইল থানার ওসি রুপক কুমার সাহা।
ওসি বলেন, নোয়াগাঁও গ্রামের অলি মিয়ার কাছ থেকে একটি জলাশয় ইজারা নেন একই গ্রামের অদুদ মিয়া। ওই জলাশয়ের মাছ ধরা নিয়ে কয়েক দিন আগে অলি মিয়ার ছেলে জাবেদ মিয়ার (২৫) সঙ্গে অদুদ মিয়ার কথা-কাটাকাটি হয়।
“এর জেরে রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে হেলাল মিয়াসহ অন্তত ১১ জন আহত হয়। আহতদের মধ্যে হেলাল ও খোরশেদ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
সেখানে বিকালে হেলাল মিয়ার মৃত্যু হয় বলে জানান তিনি।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
