২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সমাবেশের অনুমতি পুলিশের বিষয়: নাসিম

বিএনপির সমাবেশের অনুমতি বিষয়টি সম্পূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীর; এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 06:28 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

শনিবার দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, “বিএনপি যেকোনো কর্মসূচি পালন করলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুমতি নিতে হবে। এখানে সরকারের কোনো কিছু করার নেই।

“আইনশৃঙ্খলা বাহিনী কর্মসূচির অনুমতি দিলে তারা করতে পারবে; না দিলে করতে পারবে না।”

দশম সংসদ নির্বাচনের দিনটি ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করে বিএনপি। এবছর দিনটিতে সারাদেশে কালো পতাকা মিছিল করলেও ঢাকায় দুদিন পর সোহরাওয়ার্দী উদ‌্যানে সমাবেশের পরিকল্পনা করেছিল তারা।

তবে সমাবেশের অনুমতি পায়নি দলটি। না দেওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকেও এই বিষয়ে কিছু জানানো হয়নি।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের উদ্যোগে ‘উইন্টার রান অ্যান্ড কানির্ভাল’ দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এরআগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে দরিদ্র রোগীদের জন্য বিনা খরচে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপ-মন্ত্রী জাহিদ মালিক স্বপন, বাংলাদেশে নিযুক্ত মালয়শিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন মোহা. তাইব, শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান এম এইচ মিল্লাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, নিপসমের মহাপরিচালক বায়েজিদ খুরশীদ রিয়াজ, সাভারের সাংসদ এনামুর রহমান প্রমুখ।

প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।