২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অস্ত্র ও ইয়াবাসহ শাশুড়ি-পুত্রবধূ গ্রেপ্তার

কক্সবাজার শহরে একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ পুলিশ দুই নারীকে গ্রেপ্তার করেছে, সম্পর্কে যারা শাশুড়ি ও পুত্রবধূ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 12:11 AM

Updated : 19 Aug 2022, 03:24 PM

শুক্রবার বিকালে মোহাজের পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজার সদর থানার এসআই মো. মনোয়ার ইসলাম।

আটকরা হলেন মোহাজের পাড়ার আবুল হোসেনের স্ত্রী লাইলা বেগম (৫০) এবং আব্দুল হাকিম ওরফে নিখিলের স্ত্রী শারমিন কাউসার (২১)।

এসআই মনোয়ার বলেন, মোহাজের পাড়ার বাসিন্দা একাধিক মামলার পলাতক আসামি আব্দুল হাকিম ওরফে সন্ত্রাসী নিখিলকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিখিল কৌশলে পালিয়ে যায়।

“পরে পুলিশ নিখিলের বাড়ি তল্লাশি চালিয়ে একটি বস্তার ভিতর থেকে দেশে তৈরি একটি এলজি, চার রাউন্ড কার্তুজ ও ৮১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং দুই নারীকে গ্রেপ্তার করে।”

নিখিলের মা ও স্ত্রী বাড়িতে ইয়াবা ট্যাবলেট মজুদ রেখে সেবনকারীদের কাছে খুচরা বিক্রি করতেন বলে দাবি এসআই মনোয়ারের।

তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।