আশুলিয়ায় পুড়ল ঝুট গুদাম
সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় স্বপন ও আকন নামে দুই ভাইয়ের টিনের ঘরের ঝুটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আগুনের খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এদিকে গুদামে আগুন লাগলে আতঙ্কে আশপাশের বাসিন্দারা ঘর থেকে ছুটাছুটি করে বের হয়ে আসার সময় অন্তত ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
