২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 08:25 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীখণ্ডী গ্রাম থেকে জহুরুল ইসলামকে (৩৮) আটক করা হয়। জহুরুল শ্রীখণ্ডী গ্রামের এনামুল হকের ছেলে।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের শিশুদহ মোড়ে জহুরুলের মুদি দোকান রয়েছে।

নির্যাতনের শিকার শিশুটিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিশুটির পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি জহুরুলের দোকানে গেলে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে দোকানের পাশের একটি ঘরে  নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন জহুরুল।

পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। জহুরুলকে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান ওসি।

“মেয়েটিকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তার ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।”

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বৃস্পতিবার সন্ধ্যায় পলাশবাড়ী থানায় একটি মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে।