২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বইসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 05:45 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

দক্ষিণ বেকাটারী গ্রামে মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

বুধবার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান জানিয়েছেন।  

এরা হলেন উপজেলার মনমত গ্রামের আবু জাফরের ছেলে নুরুন নবী (৪৬), পশ্চিম বেলকার আব্দুল আজিজের ছেলে গোলাম বারী (৩৮), দক্ষিণ শ্রীপুরের নাছির উদ্দিনের চেলে মইন উদ্দিন (৩৭), সমস গ্রামের আব্দুল হামিদের ছেলে অব্দুল খালেক (৩৮)।

এরা সবাই জামায়াত-শিবিরের কর্মী বলে ওসি জানিয়েছেন।

তাদের কাছ থেকে চারটি জিহাদি বই, ১০ ডজন ম্যাচ, গ্লাসের টুকরা, লোহার পেরেক ও ছয়টি জর্দ্দার কৌটা উদ্ধার করা হয় বলেও জানান তিনি। 

ওসি আতিয়ার জানান, দক্ষিণ বেকাটারী গ্রামের জামায়াত নেতা ইয়াকুব আলীর বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। তারা ওই বাড়িতে সমবেত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বকিরা পলিয়ে গেলেও চার জনকে আটক করা হয়। বাকিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম অভিযান অব্যাহত রেখেছে বলে তিনি জানান।

ওসি আরও জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঙ্গলবার রাতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে পুলিশের এসআই মো. সবুজ মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলাটি দায়ের করেছেন।