২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যুবলীগ নেতাকে মারধর, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্থানীয় এক যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 04:00 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

এ ঘটনায় মামলার পর তিন আসামিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রায়গঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার রাতে চান্দাইকোনা বাজার এলাকায় এ ঘটনায় আহত জুলফিকার আলী ভুট্টোকে (৩৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি চান্দাইকোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং সিমলা গ্রামের আসলাম আলীর ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন-সিমলা গ্রামের আনিছুর আকন্দের ছেলে রানা আকন্দ, লোকমান আকন্দের ছেলে অপু আকন্দ ও মজনু তালুকদারের ছেলে মাওন ওরফে এমপি।  

প্রত্যক্ষদর্শী রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাব বলেন, “রাত ১০টার দিকে ভুট্টো আমার দোকানে বসে ছিলেন। এ সময় চান্দাইকোনা ব্যাটারীপাড়া এলাকার আনুর নেতৃত্বে ২০/২৫ জন হামলা চালিয়ে ভুট্টোকে লাঠি দিয়ে পিটিয়ে পালিয়ে যায়।”

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।    

ওসি বলেন, পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ভুট্রোকে পিটিয়েছে। এতে তার মাথায় ও দুই পায়ে গুরুতর জখম হয়েছে।

তবে কি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে তা জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় ভুট্টোর ভাই জাহিদুল ইসলাম রাতে কয়েকজনের নাম উলেখসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।