মহেশখালীতে ‘অস্ত্র তৈরি কারখানার’ সন্ধান, আটক ২
কক্সবাজারের মহেশখালী উপজেলায় একটি অস্ত্র তৈরি কারখানার সন্ধান পাওয়া গেছে বলে র্যাব জানিয়েছে।
বুধবার বিকালে সংবাদ সম্মলনে র্যাব জানায়, ওই কারখানায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়েছে।
তাদের অস্ত্র তৈরির ‘কারিগর’ বলছে র্যাব।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান জানান, মহেশখালীর গহীন পাহাড়ি এলাকায় কয়েকটি কারখানা গড়ে তুলে অস্ত্র তৈরি হয় বলে গোপন সংবাদ পায় র্যাব। এ খবরের ভিত্তিতে বুধবার র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পাহাড়তলীর জঙ্গলে অভিযান চালিয়ে র্যাব ওই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় বলে জানান তিনি।
অভিযানের দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে অস্ত্র তৈরির দুই কারিগরকে আটক করা হয় বলে জানান তিনি।
আটকরা হলেন বড় মহেশখালী ইউনিয়নের মহিষের ডেইল এলাকার আজম উল্লার ছেলে মো. আব্দুল মাবুদ (৪০) এবং ছোট মহেশখালী ইউনিয়নের আহম্মদিয়া কাটা এলাকার আহমদ কবিরের ছেলে মো. আবু তাহের (৪২)।
আশিকুর বলেন, “এ কারখানায় তৈরি অস্ত্রগুলো কক্সবাজারসহ আশপাশের জেলায় অনুপ্রবেশকারী রোহিঙ্গা জলদস্যু ও ডাকাতদের কাছে বিক্রি করা হতো।”
