গাজীপুরে ১০ টাকার চাল আত্মসাতের অভিযোগ
গাজীপুরে ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, গত ২৮ ডিসেম্বর আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলা উদ্দিন মোল্লা ওরফে আলু মোল্লাসহ কয়েকজনের বিরুদ্ধে মোজাম্মেল হক নামে এক ব্যক্তি থানায় একটি মামলা করেছেন।
তবে চেয়ারম্যান আলাউদ্দিন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন।
তিনি বলছেন, ২০১১ সালে হতদরিদ্রের তালিকা তৈরি করা হয়। ওই তালিকা অনুযায়ী উপজেলা খাদ্য অফিস কার্ড তৈরি করে।
“আমরা ওই কার্ড মোতাবেক চাল বিতরণ করেছি। কয়েকজন কার্ডধারী মারা গেলেও তাদের পরিবারের সদস্যরা চাল উত্তোলন করেছেন। চাল তুলে বিক্রির অভিযোগ সঠিক নয়।”
মামলার বাদী মো. মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শতাধিক মৃত ব্যক্তির নামে হতদরিদ্রদের জন্য নির্ধারিত ১০ টাকা কেজি দরের চাল বিতরণের কার্ড করা হয়েছে।
“এছাড়া ১৫০০ কার্ডের মধ্যে ২০ শতাংশ দেওয়া হয়েছে চেয়ারম্যান আলা উদ্দিনের আস্থাভাজন লোকদের। বাকি ৮০ শতাংশ কার্ড ডিলাররা নিজেদের কাছে রেখে চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রি করেন।”
বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “জনস্বার্থে আমি ওই মামলাটি করেছি।”
পুলিশ কাউকে আটক করেনি বলে তিনি অভিযোগ করেন।
আটকের বিষয়ে পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, মামলাটি প্রথমে দুর্নীতি দমন কমিশন তদন্ত করবে।
