২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারীসহ ৮ জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র

যশোরে হিযবুত তাহরিরের আঞ্চলিক কমান্ডার তানজিব আহম্মেদ ওরফে আশরাফুল ও তিন নারীসহ আট ‘জঙ্গির’ বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 12:09 AM

Updated : 19 Aug 2022, 03:22 PM

সোমবার আদালতে এ অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শরিফুল ইসলাম।

অভিযোগপত্রের আসামিরা হলেন হিযবুত তাহরীর আঞ্চলিক কমান্ডার তানজিব আহমেদ ওরফে আশরাফুল, মোছাম্মাদ মাছুমা আক্তার, মাছুমার স্বামী নাজমুল হাসান মোছাম্মাদ মাকছুদা খাতুন, মাকছুদা খাতুনের স্বামী শাকির আহম্মেদ, রায়হান ওরফে রায়হান আহম্মেদ, মোছাম্মাদ তানজিল তামান্না আশা ও আতাউর রহমান।

মামলার নথি থেকে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর জঙ্গি সংগঠন হিযবুত তাহরির নেতারা খিলাফত আসন্ন উল্লেখ করে একটি অনলাইন সংবাদ সম্মেলন করে। এর সূত্র ধরে ওইদিন গভীর রাতে যশোর শহরের পুরাতন কসবা এলাকায় অভিযান চালিয়ে আঞ্চলিক কমান্ডার তানজিব আহমেদকে আটক করা হয়। 

এ সময় তার বাসা থেকে ১৪টি ম্যাগাজিন, হিজবুত তাহরিরের সরবরাহ করা সাত প্রকার ৭০টি লিফলেট, একটি ল্যাপটপ (যাতে খিলাফত আসন্ন শিরোনামে অনলাইনে রাজনৈতিক সম্মেলনের ধারনকৃত ভিডিও আছে) উদ্ধার করা হয়।

এছাড়া তার ব্যবহৃত একটি মোবাইল ফোন সেটও জব্দ করা হয়।

এসআই শরিফুল ইসলাম জানান, এ ব্যাপারে ডিবির এসআই আবুল খায়ের মোল্লা বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

অভিযোগপত্রে রায়হান আহম্মেদ, মাকছুদা খাতুন, শাকির আহম্মেদ ও নাজমুল হাসানকে পলাতক দেখানো হয়েছে বলে জানান শরিফুল।