ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জনকে পদে যোগদানে বাধা
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ দেওয়া সিভিল সার্জনকে কাজে যোগদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কয়েকজন নেতার বিরুদ্ধে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নিয়ে সোমবার দিনভর সিভিল সার্জন অফিসে যোগদানের আশায় বসেছিলেন ডা. আবু ছালেহ্ মো. মুসা খান।
কিন্তু সিভিল সার্জনের দায়িত্বে থাকা ডা. মো. শাহ আলম সোমবার অফিসে অনুপস্থিত থাকায় নতুন সিভিল সার্জন হিসেবে মুসা খান দায়িত্ব বুঝে নিতে পারেননি।
বিষয়টি তিনি স্বাস্থ্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে লিখিতভাবে জানিয়েছেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতাদের নির্দেশে তার যোগদানে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন মুসা।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় জানায়, সিভিল সার্জন ডা. হাসিনা আক্তার অবসরজনিত ছুটিতে যান ২৯ শে ডিসেম্বর। ওইদিন তিনি সিভিল সার্জনের দায়িত্ব আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহ আলমের কাছে বুঝিয়ে দেন।
স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের কাছে দায়িত্বভার হস্তান্তর বিষয়ে দেওয়া হাসিনা আক্তারের পত্র থেকে জানা যায়, ১৯৫৮ সালের পহেলা জানুয়ারি তার জন্ম তারিখ। সেই হিসাবে ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে তার বয়স ৫৯ বছর পূর্ণ হয়। সে অনুযায়ী ২০১৭ এর ১ জানুয়ারি থেকে অবসর-উত্তর ছুটিতে যাওয়ার কথা।
কিন্তু ২০১৬ এর ৩০ ও ৩১ ডিসেম্বর সরকারি ছুটি থাকায় ২৯ ডিসেম্বর তার কর্মদিবস শেষ হয়।
এ বিষয়টি তিনি চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের কাছে দেওয়া পত্রে উল্লেখ করে বলেন, পরিচালক মহোদয়ের (পরিচালক) সঙ্গে টেলিফোন আলোচনার ভিত্তিতে সিভিল সার্জনের দায়িত্ব আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ আলমের কাছে হস্তান্তর করা হলো।
মুসা খান জানান, আদেশে তাকে (মুসা খান) ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের পর যোগদান করতে বলা হয়েছে। সেই আলোকে ডা. মুসা খান সোমবার সিভিল সার্জন অফিসে যোগদান করতে যান। কিন্তু দায়িত্বে থাকা সিভিল সার্জন মো. শাহ আলম না থাকায় তিনি যোগদান করতে পারেননি।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শাহ আলম বলেন, ডা. মুসা খান বিএনপি-জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)- এর নেতা। তাই তাকে দায়িত্ব দেওয়া হয়নি।
এ বিষয়টি বিষয়টি অস্বীকার করে ডা. মুসা খান বলেন, “আমি কোনো সময় ড্যাবের সঙ্গে যুক্ত নই, ড্যাবে আমার কোনো সদস্য পদও নেই। সিভিল সার্জনের দায়িত্ব না দেওয়ার জন্যই স্বাচিপ নেতারা এখন আমাকে জোরপূর্বক ড্যাব নেতা বানাচ্ছেন।”
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন উপেক্ষা করে শাহ আলমকে সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ শাহ আলমের সিভিল সার্জন হওয়ার সময় এখনও হয়নি, বলেন মুসা।
জেলা স্বাচিপের সভাপতি ডা. মো আবু সাঈদ বলেন, “মুসা খানের অভিযোগ সঠিক নয়। শাহ আলমকে সিভিল সার্জনের দায়িত্ব দেওয়ার ব্যাপারে আমি কেউ নই। বিষয়টি কেন্দ্রীয় স্বাচিপ তদারকি করছে।”
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বলেন, “মুসা খান ড্যাবের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতা ছিলেন। বিষয়টি আমরা স্বাস্থ্যমন্ত্রীকে অবগত করেছি। মন্ত্রী সিঙ্গাপুর থেকে আসার পর বিষয়টির সুরাহা হবে।”
